প্রিন্ট এর তারিখঃ Aug 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 15, 2026 ইং
মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ভেদরগঞ্জ থানা পুলিশের মতবিনিময় সভা

মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের ভেদরগঞ্জে মাদক, জুয়া ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে সভায়।
শুক্রবার (১৪ আগস্ট) বিকালে উপজেলার ছয়গাঁও ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে ভেদরগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজ্বী এমএ কাইয়ুম চুন্নু মুন্সী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান ভুট্রু মজুমদার, ছয়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি কবির হোসেন সরদার, এসআই ফারুক, এএসআই শাহজাহান, এএসআই ফয়সালসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার সচেতন মহলের প্রতিনিধিরা।
সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তার শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়; এর সঙ্গে একটি এলাকার সামাজিক ও পারিবারিক পরিবেশও জড়িত। একইভাবে ইভটিজিংয়ের মতো কর্মকাণ্ড তরুণ সমাজের মধ্যে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে। এসব অপরাধ নির্মূলে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি কিশোর ও তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে মতামত তুলে ধরেন।
ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাসার বলেন, মাদক, জুয়া ও ইভটিজিংয়ের মতো অপরাধ প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার কোথাও এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা পুলিশকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় মাদক, জুয়া ও ইভটিজিংমুক্ত পরিবেশ নিশ্চিত করতে স্থানীয়ভাবে জনসচেতনতা বাড়ানো এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এই ওয়েবসাইটের সকল ছবি ও ভিডিও অনুমতি ব্যতীত ব্যবহার করা নিষেধ। উক্ত নিউজ পোর্টালটির নিবন্ধন কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।